স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। প্রথম কোনো ব্যান্ড বা সংগীত দল হিসেবে এই রেকর্ড গড়েছে তারা। শুক্রবার ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এ তথ্য নিশ্চিত করেছে।
বিগহিট মিউজিক জানায়, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক শিল্পী হিসেবে স্পটিফাইয়ে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক অর্জন করেন। তবে ব্যান্ড হিসেবে এই কৃতিত্ব প্রথমবারের মতো অর্জন করল বিটিএস।
গত বছর স্পটিফাইয়ে বিটিএসের গান শোনা হয়েছিল ৪ দশমিক ৫ বিলিয়ন বার। চলতি বছর সেই সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১০ বিলিয়ন ছাড়িয়েছে। ব্যান্ডটির পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে। গত মার্চে প্রকাশিত অ্যালবামটির গানগুলো এখন পর্যন্ত স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশি বার স্ট্রিম করা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে এটি।
দীর্ঘ চার বছরের বিরতি শেষে গত ২০ মার্চ ‘আরিরাং’ প্রকাশ করে বিটিএস। দলের সব সদস্যের সামরিক প্রশিক্ষণ শেষে একসঙ্গে ফেরার পর প্রকাশিত এই অ্যালবাম ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামটির গানগুলো ১১ কোটি বারের বেশি শোনা হয়।
স্পটিফাইয়ের পাশাপাশি বিলবোর্ড চার্টেও সাফল্য পেয়েছে ‘আরিরাং’। ২০১২ সালে ব্রিটিশ ব্যান্ড মামফোর্ড অ্যান্ড সন্সের অ্যালবাম ‘বাবেল’-এর পর বিটিএসের এই অ্যালবামই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম হিসেবে ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে।
একদিকে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের রেকর্ড, অন্যদিকে অ্যালবামের ধারাবাহিক সাফল্য, সব মিলিয়ে বিশ্বসংগীতের মঞ্চে বিটিএসের জনপ্রিয়তার নতুন নজির তৈরি হয়েছে।
