পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবাসহ আটক ২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কোনাপাড়া গ্রামের হামিদ হোসেনের ছেলে কলি মোল্লা (২৮) এবং এফডিএমএন ক্যাম্প-১৬-এর এ ব্লকের বাসিন্দা নুর হাশেমের ছেলে জুবায়ের (২৬)।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর সন্দেহজনক দুই ব্যক্তিকে ব্যাগ হাতে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে।
এ সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টনে মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের একজন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করছে।
