অবরোধ ও প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে দেশের জনপ্রিয় পাহাড়ি পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা স্কটে ৭৩০ জন পর্যটক সাজেকে প্রবেশ করেন। বাঘাইহাট জোন এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।
রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
এর আগে, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার পাশাপাশি সেখানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। গত ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
চার দিন বন্ধ থাকার পর সাজেক ভ্যালি আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইএন/এসএ
