Published on
:
1 min read
এই সময়, দিঘা: রঙিন আলো, ড্রোন শো আর আতসবাজিতে মাতল সৈকতশহর দিঘা। বৃহস্পতিবার রাতে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকলেন পর্যটক থেকে স্থানীয় মানুষজন। রাতের আকাশে তিন হাজার ড্রোনের বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছিল রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের ‘মা আসছেন’ কর্মসূচিতে।
বোধনের আগে দু’দিন ধরে দিঘার সৈকতে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। পাশাপাশি পুজো উপলক্ষে দিঘা, তাজপুর, মন্দারমণির সৈকতকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) উদ্যোগে। রাতের সৈকত হয়ে উঠেছে আরও মায়াবী। তিন হাজার ড্রোন আর প্রযুক্তির ব্যবহারে সৈকতের রাতের আকাশে কখন ফুটে উঠল শারদ শুভেচ্ছা, কখনও দুর্গার প্রতিচ্ছবি,মণ্ডপের আলোকসজ্জা, ঢাকের বাদ্যি। চোখের সামনে আলোর এমন অভিনব কারিকুরি দেখে অভিভূত পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। ওল্ড ও নিউ দিঘা মিলিয়ে ৬টি দুর্গাপুজো হচ্ছে এ বার। পুজোর ছুটিতে হোটেলগুলিতেও বুকিং ভালো হয়েছে।
দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘সাধারণত অষ্টমীর পর থেকে পর্যটকরা দিঘায় ভিড় জমান। পুজো কমিটিগুলির পাশাপাশি দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দিঘাকে সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায়।’ ডিএসডিএ–র চিফ এগজি়কিউটিভ অফিসার প্রতীক অশোক ধুমাল বলেন, ‘জগন্নাথ মন্দির–সহ রাস্তা ও সৈকত সরণি আলোয় সাজিয়ে তোলা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে। ভিড়ের দিঘায় কোন ধরনের অঘটন এড়াতে পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।’
