দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পারিবারিক প্রস্তুতির গুরুত্ব অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে আগাম প্রস্তুতি নিশ্চিত করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
আলোচনা পর্ব শেষে কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনার সময় আত্মরক্ষা, আগুন নিয়ন্ত্রণ এবং দ্রুত উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন।
অনুষ্ঠানে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহসিন মিয়া, কটিয়াদী প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মাইনুল হক মেনুসহ স্থানীয় সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
