মানিকগঞ্জে জমি ও ফসলের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে বড় ভাই নূর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই আবুল হোসেন (৫৫) ও তাঁর ছেলে মো. সোহেলকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গত ১১ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৪ জানায়, মামলার এজাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত নূর হোসেন গ্রেপ্তার আবুল হোসেনের বড় ভাই এবং সোহেলের চাচা। জমি ও ফসলের ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত ১০ অক্টোবর সকালে নূর হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা আবাদি জমি থেকে ফসল সংগ্রহ করতে গেলে আবুল হোসেন ও তাঁর ছেলে সোহেল সেখানে উপস্থিত হয়ে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় নূর হোসেন বাধা দিলে তাঁরা তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।
একপর্যায়ে অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে নূর হোসেনের মাথায় একাধিকবার আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর বোন, মেয়ে ও জামাতাকেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নূর হোসেনকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি-৪ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার পরপরই এসআরবি-৪-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অভিযুক্তদের আইনের আওতায় আনতে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সহায়তা নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে ১১ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন ও তাঁর ছেলে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৪।
