প্রতিনিধি, হবিগঞ্জ · ১৪ অক্টোবর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
হবিগঞ্জ শহরতলীর বহুলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এলাকায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এ সময় মানুষকে কামড়াতে শুরু করে। বিশেষ করে বয়স্ক নারী ও শিশুদের উপর বেশি আক্রমণ চালায় কুকুরটি।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বড় বহুলা ছাড়াও ছোট বহুলা, লোকড়া ও রিচি গ্রামে অনেককে কামড়ে আহত করেছে।
আহতদের মধ্যে- শিশু নওরিন আক্তার, রিয়া আক্তার, নরুন্নাহার, শিফা আক্তার, রুমানা বেগম, স্কুল ছাত্রী তারিন আক্তার, লিজা আক্তার,বিউটি আক্তার, ইয়াসিন মিয়া, মাহদি, আলমগীর হোসেন, সুর্য, আয়ান, মাতাব আলী, মিম আক্তার, ওয়াহিদ মিয়া, অনিলকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। এখন পর্যন্ত ৫০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কিছু শিশুও রয়েছে।
তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
