রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকায় একটি বাসা থেকে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম শিরিন বেগম (৩৫)। এই ঘটনায় স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মীরহারাজিরবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর দেহ চার টুকরা করা ছিল। ঘটনাস্থল থেকে নারীর স্বামীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। এর জের ধরে গতরাতে কোনো এক সময় স্বামী দুলাল স্ত্রীকে হত্যা করেন। এরপর ধর থেকে মাথা এবং কোমর থেকে দুই পা আলাদা করে ফেলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিরিন বেগমের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। বাবার নাম মৃত-সোহরাব আলী। নিহতের এক ছেলে চট্টগ্রাম ও এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
