দুর্গা পূজা উপলক্ষে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। তবে দর্শক টানতে খুব একটা সফল হয়নি সিনেমাগুলো। এরই মধ্যে আজ মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘অন্যপাতা’। ১৬ অক্টোবর মুক্তির কথা থাকলেও অনিবার্য কারণে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
পারিবারিক, রাজনৈতিক কিংবা ঐতিহাসিক গল্প নিয়ে সিনেমা নির্মিত হলেও অন্যপাতার প্রেক্ষাপট ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা সংকট, ভর্তিযুদ্ধ, পারিবারিক চাপ, অপ্রত্যাশিত পরিস্থিতি এবং প্রেমের গল্প। পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন ও পরিবারের প্রতি দায়িত্ববোধের বিষয়ও উঠে এসেছে এতে।
এসজেএ প্রডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। এর নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ শিক্ষার্থী। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্যান্য চরিত্রে রয়েছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী, ইমরান, মনন, রোবেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন চুয়েটের শিক্ষার্থী অংকন দে অনিমেষ, বুয়েটের শিক্ষার্থী আবতাহী শামস ও পরিচালক শাহেজাহান এ্যানি।
প্রায় দুই বছর ধরে ধাপে ধাপে নির্মিত হয়েছে অন্যপাতা। ছয়জনের একটি ছোট দল নিয়ে কাজ শুরু হলেও পরে এতে যুক্ত হন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষার্থী। এক পর্যায়ে দলের সদস্য সংখ্যা ৪০ ছাড়িয়ে যায়।
সিনেমাটি নিয়ে পরিচালক শাহেজাহান এ্যানি বলেন, ‘অন্যপাতা ৬ থেকে ৪০ জনের হয়ে ওঠার গল্প। আমাদের সবার বড় স্বপ্ন থেকেই এর যাত্রা শুরু। এটি শুধু ভর্তি পরীক্ষার গল্প নয়; মা-বাবা ও পরিবারের প্রতি দায়িত্ব, নানা ব্যস্ততার মধ্যেও নিজের অনুভূতি প্রকাশ এবং ভালোবাসার কথাও উঠে এসেছে এতে। আশা করি, দর্শক অন্যপাতাকে আপন করে নেবে।’
