শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে ১৮ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্ত এলাকার ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা টহল ও নজরদারি চালাবে বাহিনীটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার ৩৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে। নাশকতা বা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবে বিজিবি।
এছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে চালু করা হয়েছে মনিটরিং সেল। অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও চেয়েছে বিজিবি।
লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় বিজিবির আওতাধীন পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তিনি বলেন, ‘আমাদের টহল দল সব সময় তৎপর রয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। ২৪ ঘণ্টা বিজিবির টহল দল দায়িত্ব পালন করছে। যেকোনো পরিস্থিতিতে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।’
