
দুর্গাপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে ২৪ ঘণ্টা পর থানায় স্ত্রীর মামলা, অজ্ঞাত ৮ আসামি
নেত্রকোনার দুর্গাপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নিহত সাংবাদিকের স্ত্রী আন্দদিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮জনকে আসামী করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরির তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক আলিফ ফকির নিহতের ঘটনা ঘটে।
থানায় মামলা দায়ের শেষে নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বলেন, থানায় মামলা করেছি। এখন আমি চাই যেন সুষ্ঠু বিচার পাই। আমার স্বামীকে যারা এভাবে হত্যা করেছে যারা আমার স্বামীকে এত কষ্ট দিয়েছে তাদের যেন শাস্তি হয়। তাদের যেন ফাঁসি হয় আমি এটাই চাই।
তিনি আরও বলেন, আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে। তাদেরও তো একটা নিরাপত্তা দরকার। তারা আমার স্বামীকে মেরে ফেলেছে আমার ছোট বাচ্চাদের ওপর যে এমন কিছু হবে না তার কী গ্যারান্টি? আমি তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ঘরের পাশ থেকে আমার স্বামীকে হত্যা করে রেখে গেল। এখন আমরা এখানে কতটা নিরাপদ? আমরা তো নিরাপদ না। এখন এই যে বাসায় যাব রাত কাটাব কীভাবে? ঘুম তো আসবে না।
এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। সনাক্তের পর গ্রেফতার করার জন্য আমরা মুভ করব। আমাদের একজন দক্ষ অফিসারকে তদন্তভার দেওয়া হয়েছে।
