মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হওয়ার নির্দেশ থাকায় সব মিলিয়ে তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
