কক্সবাজারের ইনানীতে 'টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট'-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে মারা গেছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিলেন ও সেখানে তারা অবস্থান করছিলেন। সকালে তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছু সময় আগেই বাইরে বের হয়েছিলেন। তবে ওই সময় কক্ষে থাকা তার স্ত্রী নাসরিন আক্তার ভেতরে আটকা পড়েন। পরবর্তীতে এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত নাসরিন আক্তারের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সালের সাথে ফোনালাপে জানা যায়, তার স্ত্রী ও বান্ধবীরা ছোটবেলার বন্ধু ছিলেন ও একসাথে পড়াশোনা করেছেন। নিহত নাসরিন আক্তার পেশায় স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করতেন। গত বৃহস্পতিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন ও রবিবার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছেন। লাশ সংগ্রহে কক্সবাজার যেতে হচ্ছে।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের পরিচয় নিশ্চিতে কিছুটা সময় লাগতে পারে।
