পুজোর শুরুতে কলকাতায় কি বৃষ্টির আশঙ্কা? ছবি: iStock
Published on
:
2 min read
ভোরের দিকে হালকা শীতশীত ভাব। চারপাশ ঢেকে পাতলা কুয়াশার চাদরে। আবার বেলা বাড়তেই ঝলমলে রোদ। বিগত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আবহাওয়া এমনই।
বৃহস্পতিবার পঞ্চমী। পুজোর আনন্দে মেতে উঠেছেন রাজ্যের মানুষ। তবে, পুজোর আনন্দে সাময়িক বাধা হতে পারে বৃষ্টি। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা ছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এ ছাড়া, রবিবার সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে আবহাওয়ার বদল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রাতের দিক থেকে তাপমাত্রা কমবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার-সহ উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে পুজোর প্রথম কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত আবহাওয়া অনেকটাই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
