নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছেন সামশুল আলম নামের এক ভুক্তভোগী। প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ এনে অমানবিক এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী সামশুল আলম বিড়ালটিকে অত্যন্ত যত্নে লালন-পালন করে আসছেন। সকালে তিনি পালিত ছাগল বাড়ির পেছনে খালি চারণভূমিতে বেঁধে দিতে গেলে বিড়ালটি পেছন পেছন চলে যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পালিত কুকুর তার বিড়ালকে কামড় দেওয়ার চেষ্টা করলে কুকুরটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন তিনি। এতে ফরিজা বেগম ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে এসে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটায়। এতে বিড়ালটি গুরুতর আহত হয়ে মারা যায়।
এ বিষয়ে বিড়ালের মালিক সামশুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শুধু একটা বিড়াল না, ও আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ অবলা প্রাণীর ওপর এমন অত্যাচার করার সাহস না পায়।’
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘একটি বিড়ালকে হত্যার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
