দুই বিজেপি যুব মোর্চা নেতানেত্রীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরা ফাঁড়ি চত্ত্বরে। পুলিশের সঙ্গে উত্তেজিত গ্রামবাসীদের বচসা রূপ নিল সংঘর্ষের। শনিবারের ঘটনায় আহত পুলিশ আধিকারিক-সহ একাধিক কর্মী। আটক বেশ কয়েক জন গ্রামবাসী।
স্থানীয় সূত্রে খবর, আউশগ্রাম- ১ ব্লকের দিগনগর- ২ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীগঞ্জ কলোনির দুই বিজেপি যুব মোর্চা নেতানেত্রী (একটি মণ্ডলের সাধারণ সম্পাদক ও সভাপতি)-র ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুক্রবার রাতে বিবাদের সূত্রপাত। তদন্ত চেয়ে শনিবার বিকেল ৫টায় গুসকরা ফাঁড়ির দ্বারস্থ হন গ্রামবাসীরা। অভিযোগ, সে খানে পুলিশ আধিকারিকের সঙ্গে বচসা বাধে উত্তেজিত জনতার। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কয়েক জন গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ ইট-পাথর ও লাঠি-রড নিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার। এক পুলিশ আধিকারিককের গায়ে হাত তোলা, জামা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। প্রসঙ্গত, গ্রামবাসীর দাবি, মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিবারের মধ্যে যেন কোনও সম্পর্ক না থাকে। ‘অভিযুক্ত’ দুই ব্যক্তিকে দলীয় পদ থেকে সরানোর দাবিও তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, এক জন সাব ইন্সপেক্টর-সহ অন্তত চার-পাঁচ জন পুলিশকর্মী জখম হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
