প্রকাশিত: ১৯:০০, ২৪ অক্টোবর ২০২৬
সোহেল তাজ ও শাহজালাল রুমি
টঙ্গীতে মাদ্রাসাপড়ুয়া এক শিশুকন্যাকে চুমু খেতে চাওয়ার অভিযোগে শিক্ষককে চড় মারা শাহজালাল রুমির পাশে দাঁড়িয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, “আমি শাহজালাল রুমির পাশে আছি!”
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাহজালাল রুমির প্রতি সমর্থন জানান সোহেল তাজ।
পোস্টে তিনি লিখেছেন, “আমি শাহজালাল রুমির পাশে আছি! একজন বাবা হিসেবে, নিজের মেয়ের ব্যাপারে তার অনুভূতি ও আবেগ আমি বুঝতে পারি। অপরাধী যে-ই হোক না কেন, নাবালকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন বা শ্লীলতাহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এর আগে, গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। ওই সময় শিক্ষক অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা শাহজালাল রুমি ওই শিক্ষককে চড় মারেন। পরে উপস্থিত জনতাও শিক্ষককে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষও পাল্টা অভিযোগ দায়ের করেছে এরই মধ্যে।
