শামার স্প্রিঙ্গার বললেন, ভারতীয় ওপেনারকে বাউন্ডারি মারতে না দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।
Published : 12 Oct 2026, 04:30 PM
Updated : 12 Oct 2026, 04:30 PM
উইকেটে বোলারদের জন্য তেমন কোনো সহায়তা নেই। এমন কন্ডিশনে আভিশেক শার্মার মতো বিস্ফোরক ব্যাটসম্যানকে আক্রমণাত্মক বোলিংয়ে আটকানো কঠিন বলে মনে করেন শামার স্প্রিঙ্গার। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারের মতে, ভারতীয় বাঁহাতি ওপেনারকে বাউন্ডারি মারা থেকে যতটা সম্ভব বিরত রাখতে রক্ষণাত্মক বোলিংয়ের বিকল্প নেই।
ইন্দোরে রোববার ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে কিছুটা মন্থর শুরু করেন আভিশেক। প্রথম দুই ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি তিনি। তৃতীয় ওভারের তৃতীয় বলে রোস্টন চেইসকে চার মেরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই ক্রিকেটার।
ওই সময় আভিশেকের রান ছিল ৬ বলে ৯। পরের ১২ বলে বিধ্বংসী ব্যাটিংয়ে পঞ্চাশে পৌঁছে যান তিনি। এরপর ইনিংস অবশ্য বেশি বড় করতে পারেননি। স্প্রিঙ্গারের বলে টপ-এজ হয়ে ধরা পড়েন বোলারের হাতে।
পাঁচটি ছক্কা ও ছয়টি চারে ৩০ বলে ৬৯ রান করেন আভিশেক। তার ঝড়ো ইনিংসে ভর করে ৫ উইকেটে ২২৩ রান করে ভারত। লক্ষ্য তাড়ায় ২০৯ রান পর্যন্ত করতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
বল হাতে ৫০ রান দিয়ে ২ উইকেট নেন স্প্রিঙ্গার। পরে চারটি ছক্কা ও দুটি চারে ১১ বলে ৩৫ রানের ক্যামিও খেলেন তিনি। ম্যাচ শেষে আভিশেকের উচ্ছ্বসিত প্রশংসা করেন এই ক্রিকেটার।
“সে বিশ্বমানের ক্রিকেটার। তাকে কৃতিত্ব দিতেই হবে। তবে আমাদের ‘বিকল্প পরিকল্পনা’ ছিল (তার বিপক্ষে) যতটা সম্ভব রক্ষণাত্মক বোলিং করা এবং বাউন্ডারির বদলে তাকে সিঙ্গল ও ডাবল নিতে বাধ্য করা। অতিরিক্ত কিছু করার চেষ্টা করিনি।
“মূলত তাকে আটকে রাখার চেষ্টা করা এবং যতটা সম্ভব রক্ষণাত্মক বোলিং করাই ছিল লক্ষ্য। এ ছাড়া তেমন কিছু করার ছিল না। কারণ, এখানে বোলারদের পক্ষে খুব বেশি কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। আমি বলতে চাচ্ছি, ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো এবং ব্যাটসম্যানরাও বিশ্বমানের। তারা যে সেরা সেটার তো কারণ আছে। তাই রক্ষণাত্মক থাকা ছাড়া আসলে তেমন কিছু করার থাকে না।”
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। হায়দরাবাদে চতুর্থ টি-টোয়েন্টি আগামী বুধবার।
