সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনাকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুই প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তেলক্ষেত্রটির একটি প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।
হামলার চেষ্টায় স্থাপনাটির সীমানার বাইরে তেলক্ষেত্রে কর্মরত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এ হামলায় দুই প্রবাসী নিহত হয়েছেন। তাদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। এছাড়া পাকিস্তানের একজন এবং ভারতের একজন নাগরিক আহত হয়েছেন।
ওই কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সাড়া দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
