নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচা ও চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাহিন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- নিহতের চাচা মোবারক ও তার ছেলে রাব্বি (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাখা ইট নেওয়াকে কেন্দ্র করে আওলাদ হোসেনের পরিবারের সঙ্গে তার ভাই মোবারক ও ভাতিজা রাব্বির পরিবারের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জেরে মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা শাহিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আওলাদ হোসেন বলেন, তিন দিন আগে আমার ছেলে বাবা হয়েছে। সে তার কাজ থেকে ছুটি নিয়ে বাসায় আসে এই ঝগড়া দেখে ফিরাতে যায়। তখনই আমার ছেলেকে মারে। আমার ছেলের কোনো দোষ ছিল না। আমরা ছেলে হত্যার বিচার চাই।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। আসামিদের ধরার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমিনুর রহমান সাদী/আরএআর
