আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ ও সংশোধনের জন্য সময়সূচি নির্ধারণ করেছে কমিশন।
শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ নভেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে লিংক পাঠানোর কাজ শেষ করতে হবে। ৫ নভেম্বর হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে। তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ইসির চিঠিতে খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন আহ্বান করে ব্যাপক প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে এ বিষয়ে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে তথ্যটি প্রচারের ব্যবস্থা করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের তালিকায় নারী ভোটার কিংবা নারী ভোটারের তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তির মতো ভুল থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ধর্মসংক্রান্ত তথ্যসহ অন্যান্য ভুলত্রুটি চিহ্নিত করে সংশোধন নিশ্চিত করতে হবে।
নির্বাচন কমিশনের এ উদ্যোগের মাধ্যমে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটারদের তথ্য হালনাগাদ করার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
The post স্থানীয় সরকার নির্বাচন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা appeared first on ভোরের চেতনা.
