নয়ের দশকের জনপ্রিয় হিন্দি ছবি 'লুটেরে'-র শুটিং চলাকালীন এক মজার ঘটনার কথা প্রকাশ্যে এনেছিলেন প্রযোজক সুনীল দর্শন। সেই ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন জুহি চাওলা। কিন্তু একটি দৃশ্যে সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে অর্থাৎ রিটেক দিতে সাফ বারণ করে দেন অভিনেত্রী।
সুনীল দর্শন একবার এক সাক্ষাৎকারে জানান, ছবির স্ক্রিপ্ট অনুযায়ী সানি দেওল ও জুহি চাওলার মধ্যে একটি 'লিপ-টু-লিপ' চুম্বনের দৃশ্য ছিল। দৃশ্যটি শুটিংয়ের একেবারে শেষ দিকে রাখা হয়েছিল। পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। একাধিক ক্যামেরা ব্যবহার করে প্রথম টেকটিতেই দৃশ্যটি নিখুঁতভাবে শুট করার চেষ্টা করা হয়। প্রথম টেক শেষ হতেই জুহি পোশাক বদলে সেটের বাইরে চলে যান।
তবে নির্মাতারা মনে করেছিলেন যে ভাল শটের জন্য আরও একটি রিটেক নেওয়া প্রয়োজন। প্রযোজক সুনীল দর্শন যখন জুহির কাছে গিয়ে রিটেকের অনুরোধ জানান, তখন জুহি তাঁর চুক্তির শর্ত মনে করিয়ে দিয়ে বলেন,"দর্শনজি, চুক্তি অনুযায়ী আমাকে একটিমাত্র চুমু খাওয়ার কথা বলা হয়েছিল। আমি ইতিমধ্যেই সেটা করে ফেলেছি।"
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc
জুহির এই জবাবের পর নির্মাতারা আর দ্বিতীয়বার দৃশ্যটি শুট করার ঝুঁকি নেননি এবং প্রথম টেকটিকেই ছবিতে চূড়ান্ত রূপ হিসেবে রেখে দেন। প্রযোজক জানান, সেই সময় দর্শকের কাছে জুহি চাওলার একটা সাধারণ মেয়ের ভাবমূর্তি ছিল, তাই এই ধরনের গ্ল্যামারাস ও সাহসী দৃশ্যে কাজ করতে তাঁর কিছুটা দ্বিধা ছিল।
