ঢাকা, ২৩ অক্টোবর – বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অনেকে হাল ছেড়ে দিলেও জনগণের অধিকার আদায় এবং সরকারকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে এনসিপি আবারও রাজপথে নেমেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এনসিপির উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশে আইনশৃঙ্খলার ক্রমাবনতি, নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আসন্ন গণবিক্ষোভ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
শেখ হাসিনাকে হটিয়েছি, বিএনপি সরকারকেও জবাবদিহিতায় আনব
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা গণঅভ্যুত্থানের আগেও যেভাবে মাঠে নেমেছিলাম, এবারও ঠিক সেভাবে নেমেছি। এই সময়ে অনেক রাজনৈতিক দল ও ব্যক্তি হাল ছেড়ে দিয়েছেন। তারা মনে করছেন, এই সরকারকে কিছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কিন্তু আমরা বলছি—এই সরকারকে অবশ্যই সবকিছুর জবাবদিহিতার আওতায় আনা যাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাধ্য করা যাবে।”
বিগত গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “গত ১৭ বছরে মানুষ যখন ধরে নিয়েছিল যে শেখ হাসিনাকে আর বিদায় করা সম্ভব নয়, তখন আমরাই সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলাম। বাংলাদেশের মানুষ কোনো অন্যায় ও নিপীড়ন কখনোই সহ্য করে না, ভবিষ্যতেও করবে না।”
‘মন্ত্রী-এমপিদের কালো টাকার বাজারে গরিবের কষ্ট স্পর্শ করে না’
সরকারের কঠোর সমালোচনা করে এনসিপি নেতা জানান, নির্বাচনের আগে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য রাখার প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকার তা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্ববাজারের অজুহাতকে ভুয়া উল্লেখ করে তিনি বলেন, মূলত দেশীয় সিন্ডিকেটের কারসাজিতেই বাজারে আগুন জ্বলছে।
দেশের রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, এমপি-মন্ত্রী বা হবু প্রার্থীরা কেউ নিজেরা কারওয়ান বাজার বা কাঁচাবাজারে যান না। তাদের গৃহকর্মীরা বাজার করেন। তারা যেহেতু অবৈধ ও কালো টাকায় কেনাকাটা করেন, তাই বাজারের চড়া মূল্য সাধারণ মানুষকে কতটা নিঃস্ব করছে—তা তাদের গায়ে লাগে না।”
নিজের মধ্যবিত্ত পরিবারের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা গ্রাম থেকে উঠে আসা মধ্যবিত্তের সন্তান। এক টাকার মূল্য আমরা বুঝি। আমরা যখন নিজেরা বাজার করতে যাই, দেখি সাধারণ পণ্যগুলো আমাদেরই নাগালের বাইরে চলে গেছে, তখন গরিব মানুষের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়।”
এক সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও আসছে গণবিক্ষোভ
জনগণের মৌলিক অধিকার আদায়ে এনসিপির পরবর্তী কর্মসূচির রূপরেখা তুলে ধরে তিনি জানান, আগামী এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও বাজারে লিফলেট বিতরণ করা হবে। সাধারণ মানুষকে সংগঠিত করার পর রাজধানীতে এক বিশাল গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এনএন/ ২৩ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে অসম্ভবকে সম্ভব করতে আবারও রাজপথে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী first appeared on DesheBideshe.