নাহিদ-আখতারের দায়িত্ব বহাল, শীর্ষ পদে আসছেন হাসনাত, নাসীরুদ্দীন, সারজিস ও আসিফ
নিজস্ব প্রতিবেদক
চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য পুনর্গঠনে দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের দায়িত্ব বহাল থাকতে পারে। তবে শীর্ষ পর্যায়ে নতুন দায়িত্ব পেতে পারেন হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দলের রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার স্টার নিউজকে এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য, সাংগঠনিক কাঠামো নতুন করে সাজিয়ে দলকে ঢেলে সাজানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে সম্ভাব্য পরিবর্তনগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমানে হাসনাত দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করার পরিকল্পনা রয়েছে। একই পদে দায়িত্ব পেতে পারেন দলের বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
এ ছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব সারজিস আলমের হাতে ন্যস্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এ কাজে তাঁকে সহযোগিতা করতে পারেন রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
সম্ভাব্য সাংগঠনিক পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তবে পুনর্গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সম্ভাব্য পদবণ্টন ও দায়িত্ব পরিবর্তনকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। আনুষ্ঠানিক ঘোষণা এলে এনসিপির নতুন সাংগঠনিক কাঠামো ও নেতৃত্বের দায়িত্ব বণ্টন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

