অনলাইন ডেস্ক
চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকটে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা গ্যাস না থাকায় অনেক পরিবার সময়মতো রান্না করতে পারেনি। কোথাও দুপুরের খাবার বিকেলে খেতে হয়েছে, আবার কেউ হোটেল থেকে খাবার কিনে এনেছেন।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের পর গ্যাস সরবরাহ আরও কমে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল) জানিয়েছে, চট্টগ্রামে দৈনিক প্রায় ৩৫ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২২ থেকে ২৩ কোটি ঘনফুট।
এলএনজি টার্মিনাল মেরামতে বিশেষজ্ঞ কারিগরি দল কাজ করছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
