বরিশাল বিমানবন্দর এলাকাকে সবুজায়নের আওতায় আনতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বিমানবন্দর চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
কর্মসূচির প্রথম ধাপে বিমানবন্দর চত্বরে বিভিন্ন প্রজাতির আড়াইশ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন ইউএনও আসমা উল হুসনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এ ছাড়া বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায়, নিরাপত্তা বিভাগের প্রধান মনমত সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজ হাতে একটি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও।
এ সময় আসমা উল হুসনা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলায় পাঁচ বছরে পাঁচ হাজার করে গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই নির্দেশনার আলোকে বাবুগঞ্জ উপজেলায় ইতোমধ্যে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, এর ধারাবাহিকতায় বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে আড়াইশ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
বিমানবন্দর এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি বরিশাল বিমানবন্দরসহ পুরো বাবুগঞ্জ উপজেলাকে সবুজায়নের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এমএস/
