বৈশাখী টিভির পডকাস্ট শো ‘ক্যারিয়ার ক্লাসরুম’ প্রচার হবে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে। প্রভাষক এম. আমিনুর রহমানের সঞ্চালনায় এ পর্বের অতিথি হিসেবে থাকছেন প্রাইম ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ।
পডকাস্টের আলোচনায় করপোরেট জীবনের নানা টানাপোড়েন এবং কাজের চাপ সামলানোর বাস্তব কৌশল নিয়ে কথা বলেছেন এবারের অতিথি। তাঁর মতে, করপোরেট ইমার্জেন্সি কখনোই জীবন-মরণের কোনো জরুরি পরিস্থিতি হতে পারে না। কাজের প্রচণ্ড চাপ আসতেই পারে এবং তা সঠিকভাবে সম্পন্ন করতেই হবে। তবে তা নিয়ে অতিরিক্ত বিচলিত হয়ে পড়লে কোনো লাভ হয় না।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীদের আবেগপ্রবণ ভেবে পিছিয়ে রাখার পুরোনো মানসিকতা এবং করপোরেট সংস্কৃতির নানা অপ্রিয় সত্য উঠে এসেছে এ আয়োজনে। দীর্ঘ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই করপোরেট পেশাজীবী মনে করেন, বস বা ম্যানেজার হিসেবে কার কী দায়িত্ব এবং কে ঠিকমতো কাজ করছেন, তা সঠিকভাবে বুঝে নেওয়া প্রত্যেকেরই পেশাগত কর্তব্য। আর পেশা ও ব্যক্তির নিজস্ব পরিচয়ের মধ্যে সব সময় সুনির্দিষ্ট পার্থক্য বজায় রাখা জরুরি।
ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা। সেই লক্ষ্যেই সাজানো হয়েছে পডকাস্ট শো ‘ক্যারিয়ার ক্লাসরুম’। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ করপোরেট নেতারা উপস্থিত হয়ে তরুণদের সঙ্গে ভাগাভাগি করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি-সংক্রান্ত নানা বিষয়।
শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং করপোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন এসব বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে।
বৈশাখী টিভির কনসালট্যান্ট মো. সামিউল আলম তামিম ও মো. মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করছে বৈশাখী ইয়ুথ ও বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।
