দীপাবলি উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সোনা ও হীরার গয়না কেনায় নানা ছাড় ও উপহার দিচ্ছেন জুয়েলারি ব্যবসায়ীরা। কোথাও গয়নায় তাৎক্ষণিক ১০ শতাংশ ক্যাশব্যাক, কোথাও হীরার গয়নায় ৫০ শতাংশ ছাড়, আবার নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় মিলছে বিনা মূল্যে (ফ্রি) সোনার কয়েন ও স্মার্টফোন।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উৎসবকে সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান এসব অফার চালু করে। সোনার দাম, গয়না তৈরির মজুরি এবং পুরোনো সোনা বদলের সুবিধাও ক্রেতাদের কেনাকাটার সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
বাফলেহ জুয়েলারি সব ধরনের গয়নায় সর্বোচ্চ ১০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক দিচ্ছে। হীরার গয়নায় রয়েছে ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাক। প্রতিষ্ঠানটি মাত্র ৯ শতাংশ অগ্রিম দিয়ে সোনার দাম নির্দিষ্ট করে রাখার সুবিধাও দিচ্ছে।
কানজ জুয়েলস নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় সোনার কয়েন ও স্মার্টফোন উপহার দিচ্ছে। অন্যদিকে, তানিশক হীরার দাম ও সোনা-হীরার গয়না তৈরির মজুরিতে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। পুরোনো সোনার গয়না বদল করলে প্রতি গ্রামে অতিরিক্ত ১৫ দিরহাম দেয়ার পাশাপাশি বদলে দেয়া সোনার শতভাগ মূল্যায়নের সুবিধাও রয়েছে।
দুবাই জুয়েলারি গ্রুপের আয়োজনে অংশ নেয়া দোকানগুলোতে ১ হাজার ৫০০ দিরহাম বা তার বেশি কেনাকাটা করলে স্বর্ণ জেতার ড্রয়ে অংশ নেয়া যাবে। ধনতেরাসের আগে কেনাকাটায় জেতার সুযোগ দ্বিগুণ হবে। ১২ নভেম্বরের চূড়ান্ত ড্রয়ে একজন বিজয়ী পাবেন ৫০০ গ্রাম সোনা। এ ছাড়া ধনতেরাসের ড্রয়ে পাঁচজনকে ১০০ গ্রাম করে সোনা দেয়া হবে।
মীনা জুয়েলার্স নির্দিষ্ট পরিমাণ গয়না কেনায় স্মার্টফোন, পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য ও সোনার বার উপহার দিচ্ছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দিচ্ছে হীরা ও মূল্যবান পাথরের গয়না কেনায় নগদ ভাউচার, সোনা ও হীরার গয়নায় ছাড় এবং ২২ ক্যারেটের পুরোনো সোনা বদলে কোনো কর্তন ছাড়াই নতুন গয়না নেয়ার সুবিধা।
আলোয় উৎসব হিসেবে পরিচিত দীপাবলি এ বছর ৮ নভেম্বর উদ্যাপিত হবে। এর আগে ৬ নভেম্বর পালিত হবে ধনতেরাস, যে দিন সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু কেনাকে শুভ মনে করেন অনেকেই।
প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৫০০ দিরহামের নিচে নেমে আসায় উৎসবের কেনাকাটায় ক্রেতারা বাড়তি সুবিধা পাচ্ছেন।
