শারদীয় দুর্গাপূজা, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একটি সভা গতকাল শুক্রবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, আব্দুল মাবুদ, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, আবিদুর রহমান, সদস্য শাহাদাত হোসেন জনি, চনুমং, মো. আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা বিএনপির সদস্য উফসা মারমার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতা করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সংগঠনের ত্যাগীদের মূল্যায়ন করা হবে। কোনোভাবেই দলের মধ্যে গজিয়ে উঠা সুবিধাভোগীদের সুযোগ দেয়া হবে না। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। পার্বত্যমন্ত্রী সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলে সংগঠনকে আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
