কালবেলা · সাধারণ
হত্যা মামলায় জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান সাবেক মেয়র আইভীর
১৩/১০/২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন।
এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আদালত ত্যাগ করেন তিনি।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে পুনর্জামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।
মূল প্রতিবেদনে যান ↗