ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় নদীর ভাঙন ঠেকাতে ২৭০ মিটার নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজটির উদ্বোধন করেন ঢাকা–২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক সরকার সবসময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে চায়। জনগণই গণতন্ত্রের মূল শক্তি, তাই তাদের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব।
তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠিত হয়। তাই জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করা এবং তাদের কল্যাণে কাজ করাই সরকারের দায়িত্ব। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, সরকারের উদ্যোগে খাল খনন কর্মসূচিও শুরু হতে যাচ্ছে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। দেশের বিভিন্ন এলাকায় খাল খননের মাধ্যমে কৃষি, সেচব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বক্তব্যে তিনি স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে। তিনি বলেন, ১৯৭৭ সালে জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন।
এ সময় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আমান উল্লাহ আমান বলেন, ঢাকা–২ আসনে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান নেই। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তাকে আইনের আওতায় আনতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
