ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিকে কেন্দ্র করে কালো জাদু করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় গতকাল শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, পুলিশ সূত্রে জানা যায়—ভিডিওটিতে দেখা গেছে—উত্তর প্রদেশ রাজ্যের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে শ্মশানের কাছাকাছি স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি রাখা রয়েছে। ছবিটির চারপাশে নারকেল, লেবু এবং কমলা রঙের গুঁড়োর মতো বিভিন্ন আচার-অনুষ্ঠানের সামগ্রী সাজিয়ে রাখা হয়েছিল।
ঘটনাটি পুলিশের নজরে আসার পরপরই অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে সাইবার সেলের সহায়তায় ভিডিওটির উৎস খুঁজে বের করার পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে পুলিশ।
ঘোষীর সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারা অনুযায়ী শনিবার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তিনি জানান, অপরাধীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। নদীর তীরে কে বা কারা প্রধানমন্ত্রীর ছবি ও এই সামগ্রীগুলো রেখেছিল এবং এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পেছনের মূল উদ্দেশ্য কী ছিল—তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
