সরকারি জমি অবৈধভাবে দখল ও পুকুর ভরাটের অভিযোগে চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান রুহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে নিজ কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, আসামি রুহেল অসৎ উদ্দেশ্যে রেলওয়ে থেকে জমি লিজ পাওয়ার আগেই পূর্বপ্রস্তুতিমূলকভাবে সরকারি জমি অবৈধভাবে দখল করেন এবং কোনো অনুমাদন ছাড়াই পুকুর ভরাট ও জমির শ্রেণি পরিবর্তন করেন। এর ফলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এই জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তিনি বাংলাদেশ রেলওয়ের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে দেখা যায়, গ্যাসমিন লিমিটেডের নামে সিমেন্ট, বালু ও হলো ব্লক কারখানা স্থাপনের উদ্দেশ্যে মীরসরাই উপজেলার পশ্চিম হিঙ্গুলী মৌজার রেলওয়ের ৩.৭৪৬৩ একর জমি দীর্ঘমেয়াদি লিজ চেয়ে আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, প্রাথমিক লিজের জন্য ৩২,৩০০ বর্গফুট (০.৭৪ একর) জমি বরাদ্দ পাওয়ার কথা থাকলেও, লিজ পাওয়ার আগেই আসামি জোরপূর্বক ৩৩২.৮০ শতক (প্রায় ৩.৩৩ একর) রেলভূমি নিজের দখলে নেন এবং সেখানে পাকা ভবন, কারখানা ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করেন। পরবর্তীতে তৎকালীন রেলমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার এবং কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নামমাত্র মূল্যে চুক্তি সম্পাদন করা হলেও আসামি লিজ নেওয়া সীমার চেয়ে অতিরিক্ত প্রায় ১.৫২ একর (১৫৪ শতক) জমি অবৈধভাবে দখল করে রাখেন। শুধু তাই নয়, লিজের শর্ত লঙ্ঘন করে পুকুর ভরাট করা এবং কোনো বৈধ অনুমোদন ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা হয়। দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, আসামি মাহবুবুর রহমান বৈধ লিজের অতিরিক্ত ১.৫৪ একর জমি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নিজ ব্যবসায়িক কাজে ব্যবহার করে রেলওয়ের ১ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকার বেশি আর্থিক ক্ষতিসাধন করেছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপপরিচালক রিয়াজ উদ্দিন আজাদীকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এ মামলা করা হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আমলে নেওয়া হবে।
