৬০ বছর বয়সে এসে নিজের সন্তান চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান। প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এমন ইচ্ছার কথা জানিয়েছেন তিনি বলে জানা গেছে।
অনুষ্ঠানে সালমানের কাছে জানতে চাওয়া হয়, নিজের সন্তান না থাকার অভাব তিনি অনুভব করেন কি না। জবাবে তিনি সন্তান চাওয়ার ইচ্ছার কথা স্বীকার করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি পরিবার, মানসিক নির্ভরতা এবং জীবনে জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন বলে জানা গেছে।
সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। রোমানীয় গায়িকা ও অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানসহ একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে সম্পর্কের বিষয়ে তাঁদের কেউই প্রকাশ্যে স্পষ্ট করে কিছু জানাননি।
‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রচার ঝলকেও সালমান ও করণের বেশ কিছু মজার মুহূর্ত দেখা গেছে। সেখানে সালমানকে রসিকতা করে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণের পরে হবে কফি উইথ সালমান।’ তাঁর এ কথা শুনে হেসে ওঠেন করণ।
এরপর সালমানকে ব্যক্তিগত প্রশ্ন করেন করণ। তিনি জানতে চান, সালমান এখনো কুমার কি না। প্রশ্ন শুনে মজার ছলে অভিনেতা বলেন, ‘সংযত হও ভাই, সংযত হও।’ দুই তারকার কথোপকথনে হাসি-ঠাট্টার পাশাপাশি উঠে আসে পুরোনো দিনের স্মৃতিও। এর আগে অনুষ্ঠানের এক সিজনে সালমান দাবি করেছিলেন, তিনি এখনো কুমার এবং কুমারত্ব হারাননি।
পুরোনো প্রসঙ্গ নিয়ে হাসি-ঠাট্টার একপর্যায়ে করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত হয়েছেন। জবাবে অভিনেতা বলেন, ‘এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছি, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।’
১৪ অক্টোবর থেকে জিওহটস্টারে শুরু হওয়ার কথা ‘কফি উইথ করণ’-এর নবম সিজন। প্রথম পর্বেই করণের মুখোমুখি হওয়ার কথা সালমানের। একই সঙ্গে জানা গেছে, এটিই হতে পারে অনুষ্ঠানটির শেষ সিজন। এর মধ্য দিয়ে প্রায় ২২ বছরের যাত্রা শেষ হওয়ার কথা জনপ্রিয় এই চ্যাট শোর।
এমএম/
