জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জার ভেতরে বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জেআরটিভি। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) কারাক গভর্নরেটের হামুদ গ্রামে এ গুলির ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জননিরাপত্তা অধিদপ্তরের বরাত দিয়ে জানায়, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গির্জার ভেতরে ঢুকে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে হতাহতদের খবর পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে। ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ হুসেইন আল-মোমানি জানিয়েছেন, কারাক গভর্নরেটের গুলির ঘটনার বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তথ্য যাচাইয়ের পর আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিরাপত্তা সংস্থাগুলোকে সময় দেওয়ার পাশাপাশি জনসাধারণকে তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।
