পুজোর মুখে কমল মেট্রো! অরেঞ্জ লাইনে মেট্রো কমাল কর্তৃপক্ষ। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানোর জন্য মেট্রো পরিষেবার সময় কমানো হচ্ছে। আজ, মঙ্গলবার থেকে আপাতত সকাল ও সন্ধ্যার দিকে কম সময়ের জন্য চলবে মেট্রো। বর্তমানে অরেঞ্জ লাইনে সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৮ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যায়। মঙ্গলবার থেকে মেট্রো চলবে সকাল ৮টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত।
বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে গত ১০ অক্টোবর থেকে পরীক্ষামূলক ট্রেন চালানো শুরু হয়েছে। এই অংশে মেট্রো পরিষেবা চালুর আগে নির্ধারিত সুরক্ষা বিধি মেনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই সকালে ও রাতে বাণিজ্যিক পরিষেবার সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে ট্রায়াল রান হয়। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রায়াল রানটি সফল হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে বড়দিনের সময় কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এর মধ্যে পড়বে গৌরকিশোর ঘোষ, নলবন ও সেক্টর ফাইভ স্টেশন মেট্রো স্টেশন। এই পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে খুব কম সময়ে সেক্টর ফাইভে পৌঁছনো যাবে। এর ফলে সেক্টর ফাইভে কর্মরত মানুষের সুবিধা হবে। যদিও ট্রায়াল রান সফল হওয়ার পরে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পেতে হবে। এরপরই চালু হবে যাত্রী পরিষেবা। সেই পরিষেবা চালু করতেই আজ, মঙ্গলবার থেকে এই লাইনে মেট্রোর সময় কমানো হয়েছে।
অরেঞ্জ লাইনে মেট্রো কমলেও পুজোয় যাত্রীদের কথা মাথায় রেখে ব্লু ও গ্রিন লাইনে সপ্তমীর দুই দিন, অষ্টমী ও নবমীতে রাতভর মেট্রো পরিষেবা মিলবে। ব্যস্ত সময়ে ব্লু লাইনে ৬ মিনিট অন্তর ও গ্রিন লাইনে ৮ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। ব্লু লাইনে পঞ্চমী ও ষষ্ঠীর দিন মোট ২৮৪টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে সকাল ৬টায়। শেষ ট্রেন মিলবে ১১টায়। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর চলবে ট্রেন। গ্রিন লাইনে পঞ্চমী ও ষষ্ঠীতে মোট ২৪০টি ট্রেন চলবে। এবার দুদিন সপ্তমী পড়েছে। তাই পুজোয় চাহিদার কথা মাথায় রেখে দুই সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু ও গ্রিন লাইনে রাতভর চলবে মেট্রো। ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ব্লু লাইনে দুপুর ১টা থেকে পরিষেবা শুরু হবে। চলবে পরের দিন ভোর ৪টে পর্যন্ত। অন্যদিকে গ্রিন লাইনে দুপুর দেড়টা থেকে পরেরদিন ভোর ৩টে ৫৯ পর্যন্ত চলে পরিষেবা।
