কালবেলা · খেলাধুলা
অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ৩ জনের পদত্যাগ
১৩/১০/২০২৬

সহসভাপতি সারওয়াত সিরাজ শুক্লা এবং দুই সদস্য সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও হাবিব জামিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে পদত্যাগ করেছেন।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন সারওয়াত সিরাজ শুক্লা। পদাধিকারবলে তিনি বিওএর সভাপতি হয়েছিলেন। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে বিওএর সদস্য হয়েছিলেন সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির। অলিম্পিক ইভেন্টভুক্ত জাতীয় ফেডারেশনের কোটায় সদস্য হয়েছিলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিব জামিল।
তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা। তিনজনের পদত্যাগ পরবর্তী করণীয় সম্পর্কে তিনি কালবেলাকে বলেছেন, ‘আমরা নির্বাহী সভায় সবাইকে পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করব। সভার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) অবহিত করা হবে। পরবর্তী করণীয় সম্পর্কেও নির্দেশনা চাওয়া হবে। আইওসির নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
অলিম্পিক চার্টার অনুযায়ী জাতীয় অলিম্পিক কমিটি থেকে কোনো সদস্য পদত্যাগ করলে বাকিদের নিয়েই কার্যক্রম পরিচালনা করার বিধান রয়েছে। সংখ্যাটা যদি বেশি হয় সেক্ষেত্রে চিত্রটা ভিন্ন হবে। ৫ আগস্টের পর বিগত কমিটির অনেকে আত্মগোপনে ছিলেন। তার পরও সেই কমিটি এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছে। পরবর্তী সময়ে আইওসির নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই নির্বাচনে অবশ্য ভোটগ্রহণ হয়নি। একক পরিষদে দায়িত্বে আসে বর্তমান কমিটি।
সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে বাংলাদেশের রুগণ প্রদর্শনী অনিবার্যই ছিল। গেমসের পর এ নিয়ে আলোচনা- সমালোচনা চলছে। এ অবস্থায় এক সহসভাপতি ও দুই সদস্য পদত্যাগ করলেন। ক্রীড়াঙ্গনে নতুন মেরূকরণের গুঞ্জনও আছে। কিন্তু জাতীয় অলিম্পিক কমিটির ওপর কারও কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ নেই। তেমনটা করা হলে বাংলাদেশের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়্গ। সেক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজদের প্রতিনিধিত্ব থাকবে না। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে—এখনই বলা কঠিন!
মূল প্রতিবেদনে যান ↗