Published on
:
2 min read
ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে মারাত্মক ফ্র্যাকচার হয়। এর পরে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বই এনে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে এ বার ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো তাঁর টিম। মুম্বইয়ের হাসপাতালে মেরুদণ্ডে সফল অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী।
নুসরতের টিমের পক্ষ থেকে ১৫ অক্টোবর একটি বিবৃতি জারি করে জানানো হয়, ‘অত্যন্ত কঠিন একটি পর্ব পার করার পরে অবশেষে অভিনেত্রীর মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, তাঁকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছে। তিনি এখন বেশ কিছু দিন নিজের বাড়িতে বিশ্রামে থাকবেন।’ বিবৃতিতে আরও বলা হয়, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর এখনও কিছুটা সময় লাগবে। এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য তাঁর টিমের তরফে ধন্যবাদ জানানো হয়েছে।
প্রসঙ্গত, বালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরত। সেখানেই ঘটে আকস্মিক দুর্ঘটনা। প্রথমে সেখানকার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চললেও চোট গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তৎক্ষণাৎ মুম্বই আনা হয়। স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া এবং নাকে টিউব থাকা অবস্থায় তাঁর কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। সম্প্রতি হাসপাতাল থেকেই ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গান দেখার দৃশ্য শেয়ার করে তিনি বার্তা দিয়েছিলেন—‘ধীরে ধীরে সব পরিস্থিতি স্বাভাবিক হয়।’
প্রসঙ্গত, দুর্ঘটনার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্টে ব্যস্ত ছিলেন নুসরত। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সাইলেন্ট কমেডি থ্রিলার ‘উফ ইয়ে সিয়াপা’-তে সোহম শাহ ও নোরা ফতেহির সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। এ ছাড়া রেমো ডি'সুজ়ার পরিচালনায় টাইগার শ্রফের বিপরীতে একটি অ্যাকশন ছবির শুটিংও শেষ করেছেন তিনি। তবে আপাতত সব কাজ স্থগিত রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী।
FAQ
১. নুসরতের সঙ্গে কী ঘটেছিল?
বালিতে থাকাকালীন এক দুর্ঘটনায় নুসরত ভারুচার মেরুদণ্ডে মারাত্মক ফ্র্যাকচার হয়।
২. কী ভাবে ভারতে আনা হয়েছিল?
ইন্দোনেশিয়ায় প্রাথমিক চিকিৎসার পর চোট গুরুতর থাকায় তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই এনে হাসপাতালে ভর্তি করানো হয়।
৩. বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি কেমন?
মুম্বইয়ে তাঁর মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন।
৪. সম্পূর্ণ সুস্থ হতে কত সময় লাগবে?
মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর আরও কিছুটা সময় লাগবে বলে তাঁর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।