নিজস্ব চিত্রছবি: সোশ্যাল মিডিয়া
Published on
:
1 min read
ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির সামনে দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় জড়িত ধৃতদের বিরুদ্ধে দায়ের রাষ্ট্রদ্রোহের মামলা। জানা গিয়েছে, ধৃতরা হলেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মহম্মদ আয়াস, সাকিবুল হাসান, সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, উস্কানিমূলক বক্তব্য ও ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে দায়ের হয়েছে মামলা।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মহম্মদ আয়াস-সহ ৪ জনকে আদালতের তোলা হয়। আদালত, আয়াস ও সাকিবুল হাসানকে ৩ দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমিকে ২ দিনের হেফাজতে পাঠিয়েছে। তাঁদের বর্তমানে জেরা করছে পুলিশ।
শনিবার সেগুনবাগিচায় রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাতেই সরব হন সঙ্গীত সংগঠক ও শিল্পীরা। রবীন্দ্রনাথের দেয়ালচিত্রের সামনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। ‘তাৎক্ষণিক প্রতিবাদী শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত’ শিরোনামের এই প্রতিবাদী কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী-সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। ঘটনায় দ্রুত পদক্ষেপ করে পুলিশ। এই ঘটনার পিছনে রাষ্ট্রসংলাপ ফোরামেরই হাত ছিল বলে অভিযোগ। এর পরেই ফোরামের সভাপতি আ ন ম আয়াশ-সহ ৪ জনকে আটক করে পুলিশ
এদিকে, রবীন্দ্রনাথের ছবিতে লাগানো কালি মুছে ফেলার উদ্যোগ নেওয়া এক রিকশাচালক এ দিন ছিলেন সব আলোচনার কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সযত্নে রবীন্দ্রনাথের ছবি পরিষ্কারের ছবি ছড়িয়ে পড়েছে। তাঁর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন অনেকে। সাধারণ শ্রমজীবী হলেও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাঁর দায়বদ্ধতা মানুষকে স্পর্শ করেছে।