কুড়িগ্রামের উলিপুরে রোপা আমন ধানের ক্ষেতে মিলিবাগ বা ছাতরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। বিশেষ করে উঁচু জমির ধানক্ষেতে এ পোকার প্রাদুর্ভাব বেশি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
আক্রান্ত ধানগাছের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। সেচ ও কীটনাশক প্রয়োগ করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় উৎপাদন খরচ বৃদ্ধি এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের অভিযোগ, অনাবৃষ্টি ও সময়মতো জমিতে পরিচর্যা করতে না পারায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, অনাবৃষ্টি, জমির আর্দ্রতা কমে যাওয়া ও অতিরিক্ত আগাছার কারণে উঁচু জমিতে ছাতরা পোকার আক্রমণ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত জমিতে সম্পূরক সেচ, অনুমোদিত কীটনাশক প্রয়োগ এবং আক্রান্ত গাছ তুলে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ধামশ্রেণী ইউনিয়নের ভদ্রপাড়ার কৃষক মো. আব্দুস সোবান বলেন, “বৃষ্টি কম হওয়ায় ধানগাছের পাতা লাল হয়ে গেছে। কোথাও কোথাও গাছ শুকিয়ে যাচ্ছে। এ অবস্থায় দিশেহারা হয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ ও সেচ দিয়েছি। এরপরও পোকার আক্রমণ ছড়িয়ে পড়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় আছি।”
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উঁচু জমির বেশ কিছু ধানক্ষেতে ছাতরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির স্বল্পতা এবং সময়মতো নিড়ানি ও সার প্রয়োগ করতে না পারায় ধানগাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। আক্রান্ত জমিতে ওষুধ ও সেচ দিয়েও আশানুরূপ ফল না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন কৃষক।
উলিপুর পৌরসভার হায়াৎ খাঁ এলাকার বর্গাচাষি মিজানুর রহমান বলেন, “সময়মতো বৃষ্টি না হওয়ায় ধানক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। ঔষুধ দিয়েও তেমন কাজ হচ্ছে না।” তাঁর ধানক্ষেত ছাড়াও ওই এলাকার কৃষক ঈসা (হাসি), সিরাজুল ইসলামসহ আরও কয়েকজনের জমিতে একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
উলিপুর পৌরসভার হায়াৎ খাঁ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত আলী বলেন, “এবার বৃষ্টিপাত কম হওয়ায় উঁচু জমির রোপা আমন ধানক্ষেতে ছাতরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের আক্রান্ত জমিতে সেচ দেওয়া, প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগ এবং আক্রান্ত গাছ অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে অনেক কৃষক আক্রান্ত গাছ অপসারণ না করায় পাশের জমিতে আক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, “চলতি আমন মৌসুমে উলিপুরে ২৪ হাজার ৪১০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বৃষ্টিপাতের স্বল্পতার মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অনাবৃষ্টি, জমির আর্দ্রতা কমে যাওয়া ও অতিরিক্ত আগাছার কারণে উঁচু জমিতে ছাতরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। উলিপুর পৌরসভা ছাড়াও ধামশ্রেণী, দুর্গাপুর, বজরা, গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের বিভিন্ন উঁচু জমির ধানক্ষেতে এ সমস্যা দেখা গেছে।আক্রান্ত জমিতে ডায়াফেনথিউরন অথবা থায়ামেথক্সামজাতীয় কীটনাশক ব্যবহারের পাশাপাশি সম্পূরক সেচ দেওয়া এবং আক্রান্ত গাছের বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসরণের কথা জানিয়েছে কৃষি বিভাগ।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুর রহমান বলেন, “বজরা, তবকপুর, গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের আক্রান্ত জমি পরিদর্শন করে কৃষকদের সেচ ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি হতে পারে এবং পোকার আক্রমণ কমতে পারে।”
The post উলিপুরে আমন ধানে ছাতরা পোকার হানা, ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক appeared first on Dhaka Protidin.
