নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিনতাইকারী, ছয়জন মাদকসেবী এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত চার আসামি রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি ও ছিনতাইসহ অপরাধ দমনে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছিনতাইয়ের অভিযোগে আটক পাঁচজন হলেন—চকরিয়ার ইসমাইল (২৬), চট্টগ্রামের সাতকানিয়ার টিপু দাস (২৪), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার শাহাদাত হোসেন ফাহিম (২২), মধ্য কলাতলীর হাসান প্রকাশ জিল্লু (২১) এবং দক্ষিণ বাহারছড়ার জামাল উদ্দিন জিয়া (৪০)।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ছয়জন হলেন—খুরুশকুলের সাহা কালাম (২২), কক্সবাজার পৌরসভার লাইট হাউস পাড়ার মো. নুরু ইসলাম (৬০) ও মো. জাহেদ হাসান (২৪), বান্দরবানের লামার ফাঁসিয়াখালীর মো. রফিক (২৯), ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যান পাড়ার আবুল কাসেম (২৪) এবং শারমিন (৩০)।
অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত চার আসামি হলেন—কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ছৈয়দ নুর, খুরুশকুলের তোফাইদুল ইসলাম বাবু (২১), পৌরসভার পাহাড়তলী এলাকার আবু বক্কর (২২) এবং মো. সেলিম (২২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা ও সাধারণ ডায়েরির তথ্য রয়েছে। এর মধ্যে ইসমাইলের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি, টিপু দাসের বিরুদ্ধে টেকনাফ ও ঢাকার বিমানবন্দর থানায় পৃথক নথি এবং জামাল উদ্দিন জিয়ার বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির ধারায় মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
