আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ব্যাটার সাব্বিনেনি মেঘনা। ৩০ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে রুপো জয়ের কৃতিত্ব। সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা জানিয়ে মেঘানা পরিবার, কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মেঘনা লিখেছেন, ক্রিকেট মাঠ তাঁর কাছে ছিল 'দ্বিতীয় ঘর', যা তাঁকে প্রতিকূলতার সঙ্গে লড়াই, নম্রতা এবং জীবনের অমূল্য স্মৃতি শিখিয়েছে।
২০১৬ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হয় অন্ধ্রপ্রদেশের ডানহাতি ব্যাটারের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক। ভারতের হয়ে তিনি খেলেছেন ৩টি ওয়ানডে এবং ১৭টি টি-২০। দুই ফরম্যাটে তাঁর রান যথাক্রমে ১১৪ এবং ২৫৮। ২০২২ কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট প্রথমবার অন্তর্ভুক্ত হয়। সেই আসরে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপো জেতে ভারত। সেই দলের সদস্য ছিলেন মেঘনা।
ঘরোয়া ক্রিকেটেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে তাঁর। ২০২১-২২ মরশুমের মহিলা সিনিয়র ওয়ানডে ট্রফিতে ৩৮৮ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন। একটি শতরান এবং দুটি অর্ধশতরান ছিল তাঁর ব্যাটে। মহিলা প্রিমিয়ার লিগেও খেলেছেন মেঘনা। ২০২৩ সালের উদ্বোধনী মরশুমে গুজরাট জায়ান্টসের হয়ে খেলেন। পরের বছর যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২০২৪ সালে আরসিবির প্রথম ডব্লিউপিএল শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না মেঘনা। অবসরের বার্তায় তিনি জানিয়েছেন, খেলার দিন শেষ হলেও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে।
ভবিষ্যতে তরুণ প্রজন্মকে মেন্টর করা এবং ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করতে চান। সোশ্যাল মিডিয়ায় বিদায়ী বার্তায় মেঘনা লেখেন, 'আমার খেলার দিন শেষ হচ্ছে। কিন্তু ক্রিকেটের সঙ্গে আমার বন্ধন কখনও ছিন্ন হবে না। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, তার জন্য জীবন উৎসর্গ করতে চাই।' শেষে ক্রিকেটকে আবেগঘন বিদায় জানিয়ে লেখেন, 'ধন্যবাদ ক্রিকেট। তুমি চিরকাল আমার হৃদয়, আমার আবেগ এবং আমার জীবনের লক্ষ্য হয়ে থাকবে।' তাঁর থেকে বয়সে বড় ক্রিকেটার এখনও নিয়মিত ভারতের সিনিয়র দলের হয়ে খেলছেন। একটু দ্রুতই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন মেঘনা।
