কালবেলা · আন্তর্জাতিক
২০০ হুথি যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেনি বাহিনীর
২০/১০/২০২৬

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ব্যাপক হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুথিদের ২০০ যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। একই সঙ্গে ৯০টি সামরিক যান ও অন্যান্য সামরিক অবকাঠামো ধ্বংস অথবা অকার্যকর করে দেওয়ার দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, হুথিদের প্রতিরক্ষা অবস্থান, সরবরাহপথ, অতিরিক্ত সেনা ও রসদ পাঠানোর ব্যবস্থা এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরেও হুথিদের বিরুদ্ধে সামরিক চাপ বাড়িয়েছে সরকারি বাহিনী। আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, সেখানে লড়াই আরও জোরদার করা হয়েছে।
তিনি দাবি করেন, হামলাগুলো কেবল ‘বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে’ সীমাবদ্ধ রাখা হয়েছে।
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। তাইজসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের লড়াই অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা
মূল প্রতিবেদনে যান ↗