
অচিরেই মাদক ও গ্যাং কালচারমুক্ত হবে মুরাদনগর- এসপি আনিসুজ্জামান
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে মাদক এবং কিশোর গ্যাংয়ের ভয়াল থাবা চিরতরে উপড়ে ফেলার
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লার জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান
(পিপিএম-সেবা)। অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি জানান, মাদক নির্মূল ও
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত পুলিশের অল-আউট অভিযান অব্যাহত
থাকবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে
মুরাদনগর থানা কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে এক বিশেষ আলাপে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন, মাদক কারবারি, প্রস্তুতকারক, সেবনকারী এবং কিশোর
গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “মুরাদনগর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান ও মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার
হোসেন চৌধুরীকে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ও
সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতেই
হবে।”
তরুণ প্রজন্মকে সুপথে রাখার বিষয়ে জোর দিয়ে এসপি আনিসুজ্জামান শিক্ষার্থীদের
উদ্দেশ্যে বলেন, “সন্ধ্যা নামলেই শিক্ষার্থীদের ঘরে ফিরে পড়ালেখায় মনোযোগ দিতে হবে।
পড়াশোনার পরিবেশ বজায় রাখতে এবং কিশোর অপরাধ রুখতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।
ইনশাআল্লাহ, অচিরেই মুরাদনগরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত ঘোষণা করা হবে।্য়ঁড়ঃ;
অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “সাংবাদিকরা আমাদের
কাজের সহযোদ্ধা। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, আমরা অপরাধীদের মুখোশ খুলে
দেব।”
তবে অভিযানের নামে যাতে কোনো নিরপরাধ মানুষ বা সাধারণ শিক্ষার্থী হয়রানির শিকার না
হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার পাশাপাশি সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার
আহ্বান জানান তিনি।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
এ.কে.এম কামরুজ্জামান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার
হোসেন চৌধুরী, সেকেন্ড অফিসার এসআই আব্দুল্লাহ আল মাসুদ সহ পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
