আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
মাহবুব আলম, বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে নিহতের স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন। ছবি- প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদা বেগম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁদের হাতে বিচার দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত মাকসুদা বেগমের ছেলে আহত রাসেল ইসলাম, মো. জজ মিয়া, মেয়ে শারমিন আক্তার, বোন মোসা. নাসরিন সুলতানা, আনোয়ারা বেগম, ছানোয়ারা বেগমসহ অন্যরা।
পরিবারের অভিযোগ, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বন্দর থানাধীন মাহমুদনগরে ইনসি সিমেন্ট ফ্যাক্টরির সামনে ভাঙারির ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে মাকসুদা বেগম নিহত হন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর ছোট ছেলে রাসেল ইসলামও হামলায় আহত হন বলে দাবি পরিবারের সদস্যদের।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাদ্দাম হোসেন, সামাউন হাবিব, তায়েম হাবিব, ওয়ালিদ মুন্সী, খোকন মিয়া ওরফে তুরগ আলী এবং মো. সিয়ামসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা করা হয়েছে। তাঁরা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মাকসুদা বেগম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।
বক্তারা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা, আহত রাসেল ইসলামের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধন শেষে আয়োজকেরা মাকসুদা বেগম হত্যার বিচার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

