দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট ও ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে অধিনায়ক সম্মেলন। এতে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ জন অধিনায়ক অংশ নেন।
আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রিকেট ও ফুটবলের পৃথক বিভাগে বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেবে। সম্মেলনে টুর্নামেন্টের প্রস্তুতি পর্যালোচনা, খেলার নিয়মাবলি নিয়ে আলোচনা এবং গ্রুপ নির্ধারণে আনুষ্ঠানিক লটারি অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রতিযোগিতার জার্সি ও ট্রফি উন্মোচন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে রাতের ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। দুই খেলাতেই অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয়কে পাঁচটি করে দল নিয়ে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
ক্রিকেটের গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফুটবলের গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
গ্রুপ ‘বি’: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব স্কলার্স।
তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রিকেট ও ফুটবলের প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।
অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, ফুটবল অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ইকরাম হোসেন রাফি।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ক্রিকেট ও ফুটবল দিয়ে। ভবিষ্যতে আরও বিভিন্ন ইভেন্ট যুক্ত করে আয়োজনটি বড় পরিসরে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এমন একটি মঞ্চ তৈরি করতে চান তারা, যেখানে নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরে জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার সুযোগ তৈরি হবে।
বসুন্ধরা গ্রুপের ক্রীড়াক্ষেত্রে অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পৃষ্ঠপোষকতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় সহায়তা, বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং নতুন উদ্যোগের মাধ্যমে দেশের ক্রীড়াক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এবিজি স্পোর্টস সিটি সেই পরিকল্পনা ও অঙ্গীকারের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
ইমরুল হাসান আরও বলেন, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনায় শুরু হতে যাওয়া এ টুর্নামেন্ট সময়ের সঙ্গে আরও বড় ও সমৃদ্ধ হবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করবে।
আয়োজক কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী অধিনায়কদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।
