ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে পাঠানো নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠিয়েছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
নোটিশে বলা হয়, পৌর ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উত্থাপিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে কয়েকজন টেলিভিশন সাংবাদিকের গাড়ি আটকে ইজারার টাকা দাবির ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সাংবাদিকদের দাবি, তাঁরা সংবাদ সংগ্রহের কাজে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে তাঁদের মাইক্রোবাস থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। পরে আসাদুজ্জামান বিপ্লব সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং তাঁদের মারতে উদ্যত হন বলে অভিযোগ করা হয়। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
তবে সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, তাঁর কোনো ভাতিজা নেই। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের ব্যবস্থা নিতে বলেছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলামও সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই বলে জানান। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা বলেন। ইজারাদার জাবেদুল ইসলামও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করার কথা জানান।
এ বিষয়ে আসাদুজ্জামান বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি।
The post সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ: নবীনগর পৌর যুবদল নেতাকে শোকজ appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
