Published : 23 Oct 2026, 08:53 PM
Updated : 23 Oct 2026, 09:10 PM
শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার সুরক্ষায় ১৫ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে বিল পাস করেছে গ্রিসের পার্লামেন্ট।
শুক্রবার পাস করা বিলটির ফলে শিশুদের অতিরিক্ত স্ক্রলিংয়ের আসক্তি কমবে ও তারা মানসিক স্বাস্থ্য সুরক্ষার সুযোগ পাবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
গেল বছর বিশ্বের প্রথম দেশ হিসেবে টিনএজারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে লাগাম টানতে আইন পাস করে অস্ট্রেলিয়া।
এর আগে, ফ্রান্সেও একই ধরনের একটি আইন পাস হয়েছিল। তবে এ বছরের অগাস্টে দেশটির কনস্টিটিউশনাল কাউন্সিল তা বাতিল করে দিয়েছে।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, ব্যবহারকারীদের বয়স যাচাই করার কৌশল বের করতে ও তাদের গোপন সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আড়াই মাস সময় দেওয়া হয়েছে।
ইউরোপীয় কমিশনের সহায়তায় বয়স যাচাইকরণের উপযোগী সমাধান খুঁজছে ইউরোপীয় ইউনিয়নের এমন সাতটি দেশের মধ্যে গ্রিস অন্যতম।
গ্রিস সরকারের ভাষ্য, অতিরিক্ত স্ক্রলিংয়ের কারণে পর্যাপ্ত ঘুম, মনোযোগ ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এ পরিস্থিতি থেকে শিশুদের বাঁচাতে তারা অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে।
