Published on
:
1 min read
এই সময়: আইচি–নাগোয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের পদক তালিকায় চার নম্বরে ছিল ভারত। রবিবার থেকে জাপানের আইচি–নাগোয়াতেই শুরু হচ্ছে প্যারা এশিয়ান গেমস। এ বার ভারতের স্থান কী হবে?
গতবার হাংঝৌ প্যারা এশিয়ান গেমসে ভারত ছিল ছ’নম্বরে। সে বার ২৭টি সোনা জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ৩০৩ জন প্যারা অ্যাথলিট গিয়েছিলেন হাংঝৌয়ে। আইচি–নাগোয়ায় অবশ্য অ্যাথলিটের সংখ্যা কমেছে অনেকটা। মাত্র ১৬৮ অ্যাথলিট যাচ্ছেন জাপানের এই প্যারা এশিয়ান গেমসে। ফলে এ বার পদকের সংখ্যা কত কমতে পারে, তা নিয়ে জল্পনা জোরদার।
তবে সাম্প্রতিক অতীতে দেশকে সাফল্য এনে দেওয়া সুমিত আন্টিল, শীতল দেবী, অবনী লেখরা, প্রমোদ ভগতদের দিকে নজর থাকবেই। প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার প্রমোদ ও প্যারা টেবল টেনিস প্লেয়ার দেবিনা প্যাটেল উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক। প্যারা জ্যাভেলিনের এফ৬৪ ক্যাটিগরিতে দু’বারের প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সুমিত গতবার সোনা জিতেছিলেন প্যারা এশিয়ান গেমসেও।
এই ইভেন্টে এ বারও ফেভারিট তিনি। প্যারা আর্চার শীতলকে নিয়েও চলছে চর্চা। গতবার প্যারা অ্যাথলেটিক্স থেকে ১৮টি সোনা পেয়েছিল ভারত। মোট পদক ছিল ৫৫টি। মোট অ্যাথলিটের সংখ্যা কমে যাওয়ায় প্যারা অ্যাথলেটিক্সে পদকের সংখ্যাও কমে যাওয়ার আশঙ্কা।
