Published on
:
1 min read
নদিয়ার শান্তিপুরে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সুভাষচন্দ্র বিশ্বাস (৬৯)। তিনি শান্তিপুরের বেলঘরিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় ভ্যানরিকশা চালক। তাঁর পরিবারের দাবি, বোলতার কামড়েই মারা গিয়েছেন তিনি। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং কৌতুহল ছড়িয়ে পড়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে ফুলিয়া স্টেশন সংলগ্ন বাজারে গিয়েছিলেন সুভাষবাবু। সেই সময় বাজারে একঝাঁক বোলতা তাঁকে কামড়ায়। তার পরেই তাঁর শরীরে তীব্র যন্ত্রণা ও শারীরিক অস্বস্তি শুরু হয়। শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁকে অবিলম্বে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে রেফার করেন। বৃদ্ধের স্ত্রী জানান, তাঁর স্বামী বাজারে গিয়েছিলেন। সেই সময়ে এক ঝাঁক বোলতা সুভাষচন্দ্রকে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে তাঁর গা-হাত-পা ফুলে যায়। তাঁর শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়। শুক্রবার বিকেলে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর পর রানাঘাট পুলিশ মর্গে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বোলতার কামড়ে কী ভাবে মৃত্যু হলো, তা নিয়ে এলাকায় সংশয় দেখা দিয়েছে। শুধুই কি বোলতার কামড়ে এই মৃত্যু হয়েছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো শারীরিক জটিলতা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।
